পাহাড়ে তৃণমূলের টার্গেট মোর্চা,প্রবল চাপে গোর্খা জনমুক্তি মোর্চা

SHARE:

 

জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধানের হাত ধরে বিমল গুরুঙদের চৌহদ্দিতে হামলা করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

#কার্শিয়ংঃ সমতল ছেড়ে এবার পাহাড়ে নজর তৃণমূলের। হরকা বাহাদুরের পর ফের গোর্খা জনমুক্তি মোর্চায় বড়সড় ধস। জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধানের হাত ধরে বিমল গুরুঙদের চৌহদ্দিতে হামলা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন ধরেই প্রদীপের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। বুধবার, কার্শিয়ংয়ে তৃণমূলের সভা মঞ্চেই জোড়াফুল শিবিরে যোগ দিতে পারেন তিনি। প্রদীপের পথ ধরতে পারেন জিটিএ-র আরও কয়েকজন সদস্য।

পাহাড়ে কোনওমতেই মোর্চার আন্দোলনের হলকা সহ্য করা নয়। নরমে-গরমে বারেবারেই বিমল গুরুঙ-রোশন গিরিদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, একাধিক বোর্ড গড়ে উন্নয়নের বার্তাও দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, শাসকদলের প্রতিনিধি ছাড়া পাহাড়ে পরিস্থিতি সঙিন বলেই তৃণমূলের ধারণা। তাই, মোর্চার খোদ সহ-সভাপতি, প্রদীপ প্রধানকে দলে টেনে মোর্চায় বড়সড় ধস নামাতে চলেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের যোগ দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ প্রধান। দলের সেন্ট্রাল কমিটির সদস্য, একইসঙ্গে জিটিএ-র চেয়ারম্যানও তিনি। তাঁর সঙ্গে দল ছাড়তে পারেন প্রদীপের অনুগামী আরও কিছু জিটিএ সভাসদ। ২০০৭ সালে গোর্খা জনমুক্তি মোর্চার জন্মের সময় থেকে দলে প্রদীপ।

 

পাহাড় গোর্খা জনমুক্তি মোর্চার একাধিপত্যে ঘা দিতেই বহুদিন ধরেই ঘুঁটি সাজাচ্ছে শাসকদল।কালিম্পংয়ে হরকা বাহাদুর ছেত্রীকে আলাদা করে মোর্চাকে বার্তা দিয়েছে তৃণমূল। সামনেই কালিম্পং পুরসভায় নির্বাচন। সেই ভোটে মোর্চার ভোট ব্যাঙ্কে ধস নামানোর ক্ষমতা রয়েছে হরকার। এবার, কার্শিয়ংয়ে প্রদীপ প্রধানকে ধরে মোর্চাকে ফের ঘা দিতে চলেছে তৃণমূল। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে জিটিএ-র নির্বাচন। সেই নির্বাচনে কালিম্পং ও কার্শিয়ংয়ে, মোর্চার ভোট ব্যাঙ্কে ধস নামবে। মোর্চার কপালে ভাঁজ বাড়িয়ে পাহাড়ে গত লোকসভা ভোটের থেকে বিধানসভায় ভোট বাড়িয়েছে জো়ড়াফুল শিবির।

 

কালিম্পংয়ের পর এবার কার্শিয়ং হাতছাড়া হওয়ার উপক্রম মোর্চার। তৃণমূল সূত্রে খবর, মোর্চার কার্শিয়ং মহকুমা কমিটির সভাপতি, সহ সভাপতি, সম্পাদক তৃণমূলে যোগ দিচ্ছেন। বিপদ বুঝে, প্রদীপের সঙ্গে দেখা করেন বিমল গুরুঙ। কিন্তু, তাতে চিঁড়ে ভেজেনি। ফলে, প্রদীপ প্রধান তৃণমূলে যোগ দিলে পাহাড়ে বিমল গুরুংরা বেশ কোণঠাসা হয়ে পড়বেন বলেই মনে করা হচ্ছে।

Bangla Aaj kal
Author: Bangla Aaj kal

Leave a Comment

সবচেয়ে বেশি পড়ে গেছে