
‘পাহাণ্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকে মন্দিরের বাইরে বিশেষায়িত স্নানমণ্ডপে নিয়ে আসা হয়। জগন্নাথদেবকে স্নান করতে দেখে পুণ্য অর্জন, অপার শান্তি ও আনন্দ লাভের আশায় তারা উৎসবে শামিল হতে অধীর আগ্রহে। রথযাত্রার পূর্ববর্তী এই বিশেষ আয়োজনে তাদের ভক্তি ও আবেগ যেন উপচে পড়ছে। ভক্তদের সুবিধার জন্য মন্দিরের সামনে উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে, যাতে দূর থেকেও বিগ্রহ দর্শন সম্ভব হয়। স্নানযাত্রার পর থেকে জগন্নাথ দেবের দর্শন ১৫ দিনের জন্য বন্ধ থাকবে।






