সর্বশেষ আপডেট:
Digha Rath Yatra 2025: মঙ্গলবার রাতে নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথের মহড়া সুচারুভাবে সম্পন্ন হয়েছে। রথযাত্রার দিন টানতে গিয়ে কোন বিপত্তি যাতে না হয় তারই মহড়া হল। প্রশাসন ও পুলিশকর্মীর উপস্থিতিতে দিঘা জগন্নাথ মন্দিরের রথের মহড়া হয়।
দিঘায় রথের মহড়া
দিঘা: ২৭ জুন রথযাত্রা। দিঘা জগন্নাথ মন্দিরের রথ প্রথমবারের মত গড়াবে। চলতি রথযাত্রা থেকে শুরু হচ্ছে, দিঘার জগন্নাথ মন্দিরের রথ। রথের আগে প্রস্তুতি দিঘা জুড়ে চূড়ান্ত। রথ যাত্রার আগেই ট্রায়াল রান হল, গড়াল রথ। দিঘার সমুদ্রতীরে প্রথমবার জগন্নাথ স্নানযাত্রা ঘিরে ভক্তদের মধ্যে প্রবল আধ্যাত্মিক উন্মাদনা। তার আগে মঙ্গলবার রাতে নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথের মহড়া সুচারুভাবে সম্পন্ন হয়েছে। রথযাত্রা দিন টানতে গিয়ে কোনও বিপত্তি যাতে না হয় তারই মহড়া হল এদিন।
প্রশাসন ও পুলিশকর্মীর উপস্থিতিতে দিঘা জগন্নাথ মন্দিরের রথের মহড়া হয়। ব্যাপক পুলিশি ব্যবস্থার মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মহড়ায় মন্দিরের ৭ নম্বর গেট দিয়ে রথ বের করে প্রায় ৫০০ মিটার পথ চাকা ঘোরানো হয়। আসন্ন রথযাত্রার প্রস্তুতিতে কোনও ত্রুটি না রাখার জন্য এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
দিঘা জগন্নাথ ধাম ট্রাস্ট্রির সদস্য এবং কলকাতা ইসকনের-সহ সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, এ বছর দিঘায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। তাই এই ঐতিহাসিক আয়োজনে কোনও খামতি রাখা হচ্ছে না।’ মন্দির সূত্র থেকে জানা গিয়েছে, রথযাত্রার অন্যতম প্রস্তুতি, ৪২ দিনব্যাপী চন্দনযাত্রা মঙ্গলবার সফলভাবে শেষ হয়েছে।
‘বাহার চন্দন’ ও ‘ভিতারা চন্দন’-এই দুই পর্বে বিভক্ত এই উৎসবে, কিংবদন্তি অনুযায়ী, গ্রীষ্মের উষ্ণতা থেকে মুক্তি পেতে দেবতারা চন্দন লেপন করেন। বাহার চন্দনে দেবতারা সুসজ্জিত নৌকা ‘নন্দা’ ও ‘ভদ্রা’-তে সরোবরে জলকেলি করেন এবং ভিতারা চন্দনে মন্দিরের ভিতরে মূল দেবমূর্তিগুলিকে চন্দন লেপন করা হয়। বুধবার সকাল ন’টায় ‘পাহাণ্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকে মন্দিরের বাইরে বিশেষায়িত স্নানমণ্ডপ নিয়ে আসা হবে।
ভক্তদের সুবিধার জন্য মন্দিরের সামনে উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে, যাতে দূর থেকেও বিগ্রহ দর্শন সম্ভব হয়। বেলা ১১টা থেকে ১০৮ কলসি পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান করান হবে। ১০৮ তীর্থক্ষেত্র থেকে আনা এই বিশেষ জলে মেশানো হবে গঙ্গা জল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন ও কর্পূর। স্নানকালে পুরোহিতরা মুখ ঢেকে ভক্তিভরে মন্ত্রোচ্চারণ করবেন এবং চারপাশ মুখরিত হবে কীর্তন ও শঙ্খধ্বনিতে।
স্নানের পর দেবতাদের মনোমুগ্ধকর পোশাকে সাজানো হবে। জগন্নাথদেব ও বলরামকে গণেশের রূপে (গজবেশ) এবং সুভদ্রাদেবীকে পদ্মবেশে সজ্জিত করা হবে। এই গজবেশ ধারণের পেছনে ভক্ত গণপতি ভট্টের প্রতি ভগবানের কৃপার এক প্রচলিত বিশ্বাস জড়িত। দুপুর ১’টা থেকে রাত ৮টা পর্যন্ত ভক্তরা গজবেশে ভগবান দর্শন করতে পারবেন। জগন্নাথদেবকে স্নান করতে দেখে পুণ্য অর্জন, অপার শান্তি ও আনন্দ লাভের আশায় তাঁরা উৎসবে শামিল হতে অধীর আগ্রহে। রথযাত্রার পূর্ববর্তী এই বিশেষ আয়োজনে তাঁদের ভক্তি ও আবেগ যেন উপচে পড়ছে।
রথযাত্রার ঠিক ১৫ দিন আগে বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিঘার মন্দিরে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ভগবান জগন্নাথদেবের স্নানযাত্রা। সব মিলিয়ে বলা যায় যে, এই সমস্ত আয়োজন এবার দিঘায় এক অবিস্মরণীয় রথযাত্রার ইঙ্গিত দিচ্ছে। আর রথ যাত্রার আগেই চূড়ান্ত প্রস্তুতি ছেড়ে রাখতে রথের মহড়া হল দিঘায় ।
সৈকত শী
কলকাতা, পশ্চিমবঙ্গ
11 ই জুন, 2025 9:35 pm হয়






